এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নবনিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় তাদের উদ্দেশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
মঙ্গলবার (৩০ জুন) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের অভিমত শোনেন। পরে তিনি শুভকামনামূলক বক্তব্যে বলেন, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি ট্রেনিং সেন্টারে অবস্থানকালে করণীয় ও বর্জনীয় বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। তারাও নবনিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।