অনলাইন ডেস্ক রিপোর্টঃ
বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় রোধে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১,০০০ টাকা করে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সংসদ সদস্য শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে ও গায়েহলুদে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়, যা কল্পনারও বাইরে। এসব অনুষ্ঠানে খাবারের বড় একটি অংশ নষ্ট হয় এবং অপ্রয়োজনীয় জাঁকজমকের কারণে পরিবারগুলো অতিরিক্ত ব্যয়ের চাপে পড়ে।
তিনি বলেন, “বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১,০০০ টাকা করে ট্যাক্স নির্ধারণ করা যেতে পারে। এতে অপচয় কমবে এবং সমাজে সংযমের সংস্কৃতি গড়ে উঠবে।”
শাহাদাত হোসেন আরও বলেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেই আইনের আওতায় নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে বিভিন্ন বিধিনিষেধ ও করের ব্যবস্থা ছিল। বর্তমান প্রেক্ষাপটে অপচয় রোধে ওই ধরনের আইন পুনরায় কার্যকর করার বিষয়টি বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।
এর আগে গত ২২ জুন জাতীয় সংসদেও তিনি একই দাবি উত্থাপন করেন। সেখানে বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক এবং অপচয় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে সংসদ সদস্যের এই বক্তব্য ও প্রস্তাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অপচয় রোধে এ ধরনের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানে অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, বিয়েতে অতিরিক্ত অতিথির ওপর কর আরোপের বিষয়টি বর্তমানে কোনো সরকারি সিদ্ধান্ত বা আইন নয়; এটি একজন সংসদ সদস্যের ব্যক্তিগত প্রস্তাব।