মোঃ জহির খান বিকাশের প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন করিমপুর এলাকার মোঃ জসিম উদ্দিনের ভাড়াটিয়া বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে পান্না আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নের চৌকিদার বাড়ি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ বাবর এবং পিতা রফিক।
পরে মহিলা পুলিশের উপস্থিতিতে আটককৃত পান্না আক্তারের দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। তাকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে।