এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা প্রতিহত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মটরসাইকেল শোডাউন দিয়ে প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় বাতেন খাঁর মোড় থেকে বের হয়ে শান্তি মোড়, আরামবাগ হয়ে বিশ্বরোড, বিশ্বরোড হয়ে নিউমার্কেট হয়ে আবার বাতেন খাঁর মোড়ে শেষ হয়। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইননবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক অকিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক বদিউজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা সদস্যসচিব মেজর ডালিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এ সময় তারা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।