হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাত্র পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (৩০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া ওই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন রাসেল। টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় কয়েকদিন আগে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এর জেরে সোমবার সকাল ৯টার দিকে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে বেধড়ক মারধর করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, রাসেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।