মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রী গণেশ চন্দ্র বর্মন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
গত ১৭ জুন বুধবার বিকেল ৪:৩০ ঘটিকায় উপজেলার ৯নং গোতামারী ইউনিয়নের গাওচুলকা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গাওচুলকা গ্রামের মৃত দীনবন্ধু বর্মনের পুত্র শ্রী গণেশ চন্দ্র বর্মন ঘটনার দিন বিকেলে নিজের বাড়ির উত্তর-পশ্চিম পাশে তার নিজস্ব জমিতে কাজ করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার আপন ভাই শ্রী মনোরঞ্জন বর্মন (৫৮), ভাতিজা শ্রী কৌশিক চন্দ্র বর্মন (২২) এবং ভাইয়ের স্ত্রী শ্রীমতী রেখা রানী (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রে (বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোড়া) সজ্জিত হয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে তার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে
ছোট ভাই শ্রী মনোরঞ্জন বর্মনের হুকুমে হামলাকারীরা বড় ভাই গণেশ চন্দ্র বর্মনকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে তাকে ধারালো ছোড়া দিয়ে তার মাথার ডান ও বাম পাশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এ সময় ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দুই হাত দিয়ে তার গলা চিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।
ঘটনার সময় গনেশ চন্দ্রের আত্মচিৎকার শুনে স্থানীয় হোসেন আলী, স্বপন কুমার এবং সামছুল হক সহ আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছোট ভাই মনোরঞ্জন ও তার লোকজন বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় গণেশ চন্দ্র বর্মনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তার বেড নম্বর ১৩।
এ ব্যাপারে ছোট ভাই মনোরঞ্জন রায় বড়ভাই গনেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগে তুলে তার সম্মানহানি উদ্দেশ্য একটি সাংবাদিক সম্মেলন করেছেন বলে জানায় ভুক্তভোগীর লোকজন।
এই বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রমজান আলীর সাথে কথা বললে, তিনি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।