এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানার বিরুদ্ধে। শনিবার (২০ জুন) সকালে শহরের হুজরাপুর এলাকায় চাঁপাই প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বড় জামাই এ. কে. আজাদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ. কে. আজাদ দাবি করেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকায় অবস্থিত একটি মার্কেট ও বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি আদালতে মামলা দায়ের করলে সংশ্লিষ্ট আর.এস. দাগ নং ১১৪৯-এর জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করেন। তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোশারফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা গত এক বছর ধরে মার্কেট ও বাড়িটি জোরপূর্বক দখল করে রেখেছেন। তিনি আরও বলেন, বর্তমানে ওই মার্কেট থেকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা ভাড়া উত্তোলন করা হচ্ছে, যা মোশারফ হোসেন ও সোহেল রানা গ্রহণ করছেন।
এ. কে. আজাদ অভিযোগ করেন, তিনি মার্কেট ও বাড়ির দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।