এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ উপায়ে আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকনরণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন। ‘নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়া
জাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন। তিনি তার উপস্থাপনায় নিরাপদ আম চাষের আধুনিক প্রযুক্তি, সঠিক পদ্ধতিতে আম পরিবহন ও বাজারজাতকরণ এবংআমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে এসব কার্যক্রমের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম। এছাড়া সেমিনারে জেলার আম চাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করা, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং আমভিত্তিক শিল্প সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটলে একদিকে যেমন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বৃদ্ধি পাবে, অন্যদিকে জেলার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেমিনারে এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।