কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় নতুন উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম-এর উদ্যোগে তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পৃথক চিঠির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত কালী নদীর ড্রেজিং ও সংস্কার কার্যক্রম। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনলে কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
অপরদিকে, ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং পুনর্নির্মাণ কার্যক্রমও পরিকল্পনায় রয়েছে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে।
স্থানীয়রা মনে করছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিক্ষা, যোগাযোগ, পরিবেশ ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে এবং ভৈরব-কুলিয়ারচর অঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।