এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্টফোনের অপব্যবহার, মাদকাসক্তি, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ১২টায় উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদক, স্মার্টফোনে আসক্তি ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং চরিত্র গঠনের শপথ গ্রহণ করানো হয়। এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. ইসহাক আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে স্মার্টফোনের অপব্যবহার, মাদকাসক্তি, কিশোর গ্যাং সংস্কৃতি ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার শপথ গ্রহণ করে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।