অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তান বাস টার্মিনাল সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে যানজট ব্যবস্থাপনা ও ট্রাফিক আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ ও সিটি করপোরেশনের প্রশাসকেরা জানান, যানজট কমাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলো ধাপে ধাপে সরিয়ে বিকল্প স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী টার্মিনালের বাস ডিপোর জন্য পূর্বাচলে অস্থায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে। যাত্রী ওঠানামা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আনা হবে এবং সায়দাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণের কাজ চলছে। তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পুরো পরিকল্পনার বিকল্প উপস্থাপন জমা দেওয়া হবে।
এছাড়া বাস র্যাপিড ট্রানজিট (BRT) প্রকল্প নিয়ে আলোচনায় জানানো হয়, দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্প বন্ধ না করে কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকার নতুনভাবে পরিকল্পনা করছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়দাবাদ টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার পাশাপাশি কাঁচপুরে একটি আন্তঃজেলা টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুলিস্তান এলাকা থেকে বাস টার্মিনাল সরানোর প্রক্রিয়া শুরু করার নির্দেশও এসেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানান, মহাখালীতে সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকা বন্ধ করতে পূর্বাচলে অস্থায়ী বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহায়তা দেবে।
বৈঠকে হকার ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন নিয়েও আলোচনা হয়। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর কথা জানানো হয়েছে।
সরকারের এই উদ্যোগকে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।