অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক থাকা মো. মিন্টু মিয়া আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান বদলে সৌদি আরবের সমর্থনে যোগ দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে আখাউড়ার খড়মপুর এলাকায় হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে তিনি এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেন। সেখানে একটি বোতলে দুধ ভরে জনসম্মুখে সেই দুধ দিয়ে গোসল করেন তিনি। পরে নিজেকে নতুনভাবে “শুদ্ধ” ঘোষণা করে ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহারের কথা জানান।
গোসল শেষে তিনি সৌদি আরব জাতীয় দলের জার্সি পরিধান করে নতুন সমর্থনের ঘোষণা দেন এবং স্থানীয়দের নিয়ে আনন্দ মিছিলেও অংশ নেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা দুধ বোতলে ভরে তিনি ওইভাবে গোসল করেন।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় মিন্টু মিয়া বলেন, ব্রাজিলকে তিনি একটি অমুসলিম দেশ হিসেবে দেখেন এবং তাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের অভিযোগের ধারণা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তিনি সৌদি আরব দলের প্রতি সমর্থন আরও জোরালোভাবে প্রকাশ করার কথাও জানান। তিনি আগামী দিনে সৌদি আরবের ৫০০ ফুট দীর্ঘ একটি পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
এ বিষয়ে স্থানীয় একজন বাসিন্দা জানান, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং পরে সৌদি সমর্থকেরা তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানায়।