হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাচিহা বাজারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও প্রামাণ্য ভিডিও প্রদর্শনী (ভিডিও শো) অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাচিহা বাজারে উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও প্রামাণ্য ভিডিও প্রদর্শনী (ভিডিও শো) অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পংপাচিহা বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন তাড়াইল উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান নাদিম, উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভূঁইয়া, গ্রাম আদালতের চেয়ারম্যান আব্দুল আহাদ রুসু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম, আলী আকবর রাজ্জাকী, মাহবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
র্যালি শেষে পংপাচিহা বাজার প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে গ্রাম আদালতের আইনি এক্তিয়ার, দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সহজ পদ্ধতি এবং অল্প সময়ে ও স্বল্প খরচে সাধারণ মানুষের বিচার প্রাপ্তির বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
ভিডিও প্রদর্শনী শেষে গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। প্রতিযোগিতায় সঠিক উত্তর প্রদানকারী ২০ জন বিজয়ীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনপদের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি কার্যকর ও সময়োপযোগী বিচারব্যবস্থা। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে জেলা আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয় না করে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহজে বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণকে এই আইনি সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান তারা।