
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শান্তি মোড়ে কুরিয়ার সার্ভিসে ‘নাড়ু’ বলে বুকিং করা দুটি কার্টুন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের জেলা শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কুরিয়ার সার্ভিসে থাকা দুটি কার্টুন তল্লাশি করে সাতটি প্যাকেটে সংরক্ষিত প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত কার্টুন দুটি গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। তবে অভিযানের সময় গাঁজার সম্ভাব্য গ্রাহক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিস থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply