
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় দলীয় পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে সে ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার পানি সংরক্ষণের লক্ষ্যে পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছে। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা বাংলাদেশ সরকার বহন করতে সক্ষম। তবে অন্য কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সে সুযোগও রাখা হবে।
ভারত থেকে ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে চাপে রাখতে এটি করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে দুই দেশের আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ২ জুন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, বাজেটে নির্বাচন সংক্রান্ত বরাদ্দ আসার পর জুলাই-আগস্টে নির্বাচনসূচি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত মাসে জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply