এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি মো. আব্দুস সাত্তার (৭০) ও মোসা. সাজেদা বেগম (৪৭) গ্রেফতার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৮ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত অভিযানে রহনপুরের নুনগোলা কেডিসি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সাজেদা বেগমের কাছ থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড অনুযায়ী, আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। আদালত আব্দুস সাত্তারকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাজেদা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে।