জহির খান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামী পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুন রাত ২টা ৪০ মিনিটের দিকে জোরারগঞ্জ থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নুর হাসপাতালের বিপরীত পাশে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
এসময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা ও কালো পলিথিনে স্কচটেপ মোড়ানো ৭টি বান্ডেল উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ট্যাবলেটের ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-৩৪-৭৬৮৯ নম্বরের একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীর নাম বাবু মোল্লা (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। অভিযানের সময় আরেকজন আসামী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) হান্নান আল মামুন উদ্ধারকৃত ইয়াবা ও প্রাইভেটকার জব্দ করেন। এ ঘটনায় ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।