এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার (১ জুন) সকাল ১০টায় পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান সহকারী ইব্রাহিম খলিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, এসএনভি বাংলাদেশের ক্লাস্টার ‘ক’ কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম, পৌর কর্মচারী সংসদ পরিষদের সভাপতি এনামুল হক এবং সহ-সভাপতি সেরাজুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, ঈদ উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পৌর এলাকার শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। এ কাজে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এছাড়া দীর্ঘ ছয় দিনের সরকারি ছুটি শেষে পৌরসভার নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় নাগরিক সেবা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং পৌরসভার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।