এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহার ২য় দিনে চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ মাঠ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জামায়াতের জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলার আমীর মোঃ আলীম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। গোস্ত পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।