এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ইউনিক স্টুডেন্টস্ স্যোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও হাফেজে কোরআনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০ ঘটিকায় ইউনিক স্টুডেন্টস স্যোসাইটির আয়োজনে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।” ইউনিক স্টুডেন্টস্ স্যোসাইটির লক্ষ্য শিক্ষার আলো ছড়িয়ে সুশিক্ষিত নাগরিক গঠনের মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক স্টুডেন্টস সোসাইটির প্রধান উপদেষ্টা মো. সাফিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ ও নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী শাখার রেটিনার পরিচালক মো. প্রান্তর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাইনুল ইসলাম, মো. আওরঙ্গজেব, মো. শামসুল হক, মো. তাওহীদুল ইসলাম, মো. শরিফুজ্জামান সোহেল, মো. গোলাম আযম, মো. একরামুল হক, মো. শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মো. নাজমুল সাকিব এবং অ্যাডভোকেট মোহসিনা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা। প্রধান অতিথির বক্তব্যে মো. তরিকুল আলম সিদ্দিকি বলেন, “তরুণ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। কৃতি শিক্ষার্থী ও কোরআনের হাফেজদের এই সম্মাননা আগামী দিনে তাদের আরও বড় সাফল্য অর্জন এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।”অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও হাফেজে কোরআনদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। এলাকার সর্বস্তরের জনগণ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।