অনলাইন ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবারের ঈদে সবার নজর কেড়েছে সম্প্রতি আলোচনায় আসা বিরল অ্যালবিনো বা সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম দেখা যায়। পরিবার-পরিজন নিয়ে আসা মানুষজন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষটিকে এক নজর দেখতে ভিড় করেন। অনেকেই মহিষটির মাথার বিশেষ ধরনের চুলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পান।
দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে বাংলা ও ইংরেজিতে পরিচিতি বোর্ড টানানো হয়েছে। অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, মহিষটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ অনেক বেশি। তাই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খাঁচার সামনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান বলেন, বুধবার রাতে মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়। নতুন ও বিরল প্রাণী হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের কৌতূহল বেড়েছে। পরিবহনের সময় সামান্য আঁচড় লাগলেও দ্রুত চিকিৎসা দেওয়ায় বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে।
জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে লালন-পালন করা হয়েছিল। মাথার সোনালি-গোলাপি ঢেউখেলানো চুলের কারণে খামারির পরিবার এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’। সম্প্রতি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রাণীটি ব্যাপক আলোচনায় আসে।
পরবর্তীতে জনসাধারণের আগ্রহ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।