এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কবিতা পাঠের আসর। সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে সমৃদ্ধ করতে ‘অন্বেষণ সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ’-এর উদ্যোগে সোমবার (২৫ মে) সকালে এই আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ-এর আমতলার আড্ডায় আয়োজিত অনুষ্ঠানে কবিপ্রেমী, সাহিত্য অনুরাগী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক ও গম্ভীরার নানা চরিত্রে পরিচিত মোঃ মাহবুবুল আলম, ফয়সাল আজম অপুসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী। অনুষ্ঠানে উপস্থিত সবাই জাতীয় কবি নজরুলের বিভিন্ন কবিতা আবৃত্তি ও পাঠ পরিবেশন করেন। এসময় কবির চিরঞ্জীব বাণী তুলে ধরা হয়—“আমি উত্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন, আমি বিশ্ব-তরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন!”আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ছড়িয়ে দেওয়া এবং তাঁর সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনাকে ধারণ করতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, কবি ও সংস্কৃতিকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন ‘অন্বেষণ সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ’ ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।