এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গৃহশিক্ষিকা মোছাঃ মরিয়ম বেগমকে (৫৫) নির্মমভাবে হত্যা করে লাশ গুমের চেষ্টার ঘটনায় ফুসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। "খুনিদের ফাঁসি চাই, বিচার বিলম্ব মানে বিচারের অপমান" এই স্লোগানকে সামনে রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০:০০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘এলাকাবাসী ও সর্বস্তরের জনতা’র ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, গত ১৯ মে নামোশংকরবাটী চৌকাপড়া এলাকার একটি বাড়ি থেকে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের ক্ষতবিক্ষত ও বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যেভাবে মাথায় ও শরীরে আঘাত করে শ্বাসরোধ করে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। মামলার বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই দীর্ঘায়িত না হয়। খুনিদের একমাত্র শাস্তি ফাঁসি কার্যকর করে চাঁপাইনবাবগঞ্জকে কলঙ্কমুক্ত করতে হবে।" সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ১৮ মে প্রতিদিনের মতো ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন মরিয়ম বেগম। পরবর্তীতে ১৯ মে পুলিশ প্রযুক্তির সহায়তায় ওই ছাত্রীর বাড়ি থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এই ঘটনায় মূল পরিকল্পনাকারী গৃহবধূ সুমাইয়া আক্তার সুমিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে সুমি ও স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ী আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত মরিয়ম বেগম পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী ছিলেন।