এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ (সচিব পদমর্যাদা)।
রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব হারুনুর রশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ড. মোঃ সাইমুম পারভেজ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সকল পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের কল্যাণে দায়িত্বশীলতা ও আন্তরিকতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোশিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।