অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায় সোহেল রানা। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ খণ্ডিত করে লুকিয়ে রাখা হয়।
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে।