মোঃ হাসিবুর রহমান, বিশেষ নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর পর সঠিক নিয়মে লবণ ব্যবহার করে সংরক্ষণের বিভিন্ন কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রেখে বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিসিক নড়াইলের উপ-ব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে চামড়া সংরক্ষণের পদ্ধতি দেখিয়ে দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন প্রশিক্ষণ প্রদান করার সময় বলেন, কোরবানির পশু জবাইয়ের সময় সঠিক নিয়ম অনুসরণ না করলে যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তেমনি চামড়ার গুণগত মানও নষ্ট হয়। তাই প্রশিক্ষিত কসাই ও সচেতনতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, ইসলামিক ফাউন্ডেশন কালিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শহীদুল্লাহ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বুলবুল কবির, স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিসহ চামড়া ব্যবসায়ী, আনসার, পুলিশ সদস্যসহ অন্যান্নব্যক্তিবর্গ।