মোঃ রোমান আহমেদ সানী,ভৈরব উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রায় ২০০ জনের মাদক চক্রের প্রধান হিসেবে পরিচিত শীর্ষ মাদক ব্যবসায়ী উমান মিয়াকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (২০ মে ২০২৬) সকাল ৯টায় ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরবসহ আশপাশের এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধ মাদক ব্যবসার অর্থে উমান মিয়া এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ে সে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত উমান মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ সফল অভিযান পরিচালিত হয়।