এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“যুক্তির আলোয় সত্যের পথ খুঁজে নাও” এই স্লোগানকে সামনে রেখে এনজিসি ডিবেটিং ক্লাবের উদ্যোগে
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি এবং নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মুহাঃ আমানুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ সৃষ্টি এবং সার্বিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।