হাসান আলী দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি
‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলা-এ মাদকবিরোধী মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাজেদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন, জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামী নোয়ারপাড়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, চর গোবিন্দী বালিকা মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং চর গোবিন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদকাসক্তির কারণে পারিবারিক কলহ, চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো সামাজিক অপরাধ বেড়ে চলেছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, এলাকায় মাদক কেনাবেচা ও চোরাচালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে। পাশাপাশি যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়; তাদের কঠোর হস্তে দমন করতে হবে।