হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। হাওর অঞ্চলে আগত দর্শনার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যেই নেওয়া হয়েছে নানা পরিকল্পনা।
রবিবার (১৭ মে) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বালিখোলা ঘাট পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে পর্যটকদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
জানা গেছে, হাওরের পর্যটন মৌসুম এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য পর্যটক বালিখোলা ঘাটে আসেন। তাদের যাত্রা নিরাপদ রাখতে জেলা পুলিশ একাধিক কার্যক্রম হাতে নিয়েছে।
ঘাট ও আশপাশের নৌপথে বিশেষ পুলিশ টহল পরিচালনা করা হবে। পাশাপাশি ইভটিজিং, ছিনতাই ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নৌ-ভ্রমণের সময় প্রতিটি নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন বন্ধে মাঝিদের জন্যও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ঘাট এলাকায় পুলিশ হেল্প ডেস্ক ও কুইক রেসপন্স টিম মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এছাড়া নৌকার ভাড়া, পার্কিং ফি ও খাবারের অতিরিক্ত মূল্য আদায় বন্ধে নির্ধারিত রেট চার্ট টানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটকদের যানজট ও পার্কিং সমস্যার সমাধানে নির্দিষ্ট পার্কিং জোন তৈরির পরিকল্পনাও করা হয়েছে। পরিবার নিয়ে ভ্রমণে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় সাদা পোশাকে নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নিরাপদ পরিবেশে হাওরের সৌন্দর্য উপভোগে সবাইকে সহযোগিতা দেওয়া হবে।”