আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক(ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। তিনি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের নির্বাহী পরিচালক ছিলেন।
সাব্বির বিন শামস রাজধানী ঢাকার মোহাম্মদপুর তারাকুঞ্জ এলাকার মোঃ সামসুল হুদার ছেলে। তাঁর জন্মস্থান ঠিকানা-লালমনিরহাট সদর উপজেলা।
শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্ত ঘেরা দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ী বাজার এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা সময় তাঁকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি মোঃ নাজমুল হক। এ সময় তাঁর কাছ থেকে ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ করার তথ্যও জানান ওসি।
জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।
জানতে চাইলে পাটগ্রাম থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারি একজন মানুষ ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং দহগ্রামের বঙ্গেরবাড়ী বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। দ্রুত পুলিশ তাকে আটক করে এবং তল্ল্যাশি চালিয়ে ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পাসপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে তার নাম সাব্বির বিন শামস। তিনি ভারত থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক(ডিজি) এবং যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘অধিকতর তদন্তের প্রয়োজনে লালমনিরহাট ডিবি পুলিশের নিকট সাব্বির বিন শামসকে হস্তান্তর করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে তাঁর নামে মামলা রয়েছে।’
লালমনিরহাট পুলিশ সুপার মোাঃ আসাদুজ্জামান বলেন, দহগ্রাম সীমান্তে আটক পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক(ডিজি) সাব্বির বিন শামস ডিবি পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর ব্যাপারে অধিকতর তদন্ত চলছে। রবিবার তাঁকে আদালতে তোলা হবে।’