এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার চুরির মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া নগদ টাকা, অটোরিকশা, মোবাইল ফোন, চেক বইসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সবুজ এবং মোঃ ইউসুফ। তাদের মধ্যে সবুজকে ফেনীর দাগনভূইয়া থানা এলাকা থেকে এবং ইউসুফকে চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাচোল থানার এফআইআর নং-১০, তারিখ ২১ এপ্রিল ২০২৬; জিআর নং-৩৪ এর অধীনে পেনাল কোডের ৩৮১/৫০৬(২)/১০৯ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার বাদী জুয়েল বনিক একজন গরু ব্যবসায়ী। এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বাদী জুয়েল বনিক তার পরিচিত রাখাল সবুজকে সঙ্গে নিয়ে নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারে গরু কিনতে আসেন। এসময় তিনি নগদ ১০ লাখ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইউসিবি ব্যাংকের চেক বইসহ একটি ব্যাগ সবুজের জিম্মায় রেখে গরু দেখতে যান। পরে সুযোগ বুঝে সবুজ ব্যাগসহ পালিয়ে যায়। ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও টাকা ও মালামাল উদ্ধার করতে না পেরে ২১ এপ্রিল নাচোল থানায় মামলা দায়ের করেন বাদী। মামলার তদন্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ একটি আভিযানিক টিম গঠন করেন। অভিযানের নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ খাইরুল ইসলাম। আধুনিক প্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১২ মে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে নগদ ৬ লাখ ৭৪ হাজার টাকা, চুরি করা টাকায় কেনা একটি ব্যাটারিচালিত অটোরিকশা, চারটি ব্যাটারি, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইউসিবি ব্যাংকের চেক বই এবং ধূসর রঙের ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান।