এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে পরিপক্ক হলেই আম পাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবারও থাকছে না আম সংগ্রহের নির্ধারিত তারিখভিত্তিক ‘ম্যাংগো ক্যালেন্ডার’। জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে আমচাষীদের মধ্যে আম পাড়া নিয়ে থাকা অনিশ্চয়তা দূর হয়েছে। সোমবার (১১ মে) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় জানানো হয়, গোপালভোগসহ গুটি জাতের আম পরিপক্ক হওয়ার পরই চাষীরা গাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অপরিপক্ক আম বাজারজাত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় সতর্ক করা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম এবং কৃষি উদ্যোক্তা আহসান হাবিব। এছাড়া মতামত তুলে ধরেন কানসাট আড়তদার সমিতির সহ-সম্পাদক আবু সালেহ, আল বশরী সোহান ও কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অন্যান্য আমচাষী ও ব্যবসায়ীরা। সভায় আরও সিদ্ধান্ত হয়, পুরো আম মৌসুমে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও আম ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি সার্বক্ষণিক বাজার তদারকি করবে। একই সঙ্গে বিষমুক্ত ও নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আম পরিবহনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতেও প্রশাসন কাজ করছে বলে সভায় জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.