এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বারডেম)-এর সর্বোচ্চ পরিচালনা পরিষদ ন্যাশনাল কাউন্সিলের সদস্য পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় ঢাকার বিআইএইচএস জেনারেল হাসপাতালের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বারডেম)-এর ন্যাশনাল কাউন্সিলের ৭০২তম সভায় তাকে এ সদস্য পদে নির্বাচিত করা হয়। বারডেম সূত্রে জানা গেছে, সংগঠনটির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এফিলিয়েটেড অ্যাসোসিয়েশন অ্যাফেয়ার্স বিভাগের জন্য একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক রশিদ-ই-মাহবুব। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ বেবী ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল ওয়াহেদ, মোঃ হান্নান মল্লিক, মো. মতিউর রহমান লাল্টু, এ কে এম সাহিদ রেজা এবং রাজিয়া সামাদ।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে বারডেমের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করায় আব্দুল ওয়াহেদের পুনর্নির্বাচন সংগঠনের ধারাবাহিকতা, অভিজ্ঞতা ও আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মন্টু এক বিবৃতিতে আব্দুল ওয়াহেদকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.