নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে দালালের প্রতারণা ও কোম্পানির অবহেলার শিকার হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। দীর্ঘ ৯ মাস কাজ করার পর গত দুই মাস ধরে কোনো কাজ ও বেতন ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন তিনি। অবশেষে নিরুপায় হয়ে নিজের বাঁচার আকুতি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে ইমেইল করেছেন ওই প্রবাসী।
ভুক্তভোগী জাহিদুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবারিয়া গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ভিটেমাটি বন্ধক রেখে দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান তিনি।
জাহিদুল হক জানান, বিদেশে যাওয়ার পর প্রথম ৯ মাস একটি কোম্পানিতে কাজ করলেও গত দুই মাস ধরে তাকে কোনো কাজ দেওয়া হচ্ছে না। একইসঙ্গে কোম্পানি তার পাওনা বেতনও পরিশোধ করছে না। এতে খাদ্য ও বাসস্থানের খরচ জোগাতেও হিমশিম খেতে হচ্ছে তাকে।
তিনি অভিযোগ করে বলেন, “সমস্যা শুরু হওয়ার পর থেকে আমি বারবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সহযোগিতা পাইনি। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও একাধিকবার ইমেইল করেও কোনো সাড়া মেলেনি।”
সব দিক থেকে ব্যর্থ হয়ে বিদেশের মাটিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর শঙ্কায় এখন সরকারের হস্তক্ষেপ কামনা করছেন জাহিদুল। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো ইমেইলে তাকে উদ্ধার, পাওনা বেতন আদায় অথবা দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন।
এদিকে দেশে থাকা জাহিদুলের পরিবারও চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। তার বৃদ্ধ বাবা হাজী আব্দুর রশিদ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত তার ছেলেকে এই সংকট থেকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।