সাগর আহমেদ মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা-এ নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও একাধিক মামলার আসামি আইয়ুব আলীকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়ন-এর সিহারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকী ইউনিয়ন-এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী।
পুলিশ জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও আলোচিত আব্দুল হেলিম মেম্বার হত্যা মামলায়ও তিনি একজন আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ঘাগড়া বাজারে প্রকাশ্যে আব্দুল হেলিম মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।
এদিকে, সম্প্রতি সিহারা গ্রামে মতি মিয়া-কে গলা কেটে হত্যার ঘটনায়ও আইয়ুব আলীর সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এছাড়া আব্দুর রশিদ মিয়া হত্যা মামলাতেও তার নাম উঠে এসেছে বলে জানা গেছে।
মিঠামইন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।