অনলাইন ডেস্ক রিপোর্টঃ
চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করা হতে পারে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। পরে জেলা শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে বিষয়টি চিঠির মাধ্যমে পৌঁছে দেন।
নির্দেশনায় বলা হয়েছে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চারটি মৌলিক নিয়মে দক্ষ করে তুলতে হবে। আগামী জুনের মধ্যে ৯০ শতাংশ এবং জুলাইয়ের মধ্যে শতভাগ দক্ষতা নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের অন্তত ৫ পৃষ্ঠা জোরে জোরে পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণিতের মৌলিক চার নিয়ম শেখানোর ওপরও বিশেষ জোর দিতে বলা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি মন্ত্রণালয়ের নির্দেশনা। শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকরা পরিকল্পনা গ্রহণ করবেন এবং আগামী ১০ মে’র মধ্যে তা জেলা অফিসে জমা দিতে হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে শিক্ষকদের বিরুদ্ধে বেতন-ভাতা বন্ধসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.