এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার এক ভিকটিমকে দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে দুপুরে ভোলাহাট উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা মোছাঃ আয়েশা খাতুন (১৭) তার পিতার বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মোঃ আবুল হোসেন ও মোসাঃ আদুরী বেগমের মেয়ে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ভিকটিমের মা আদুরী বেগম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সি আর মামলা নং-৯৫/২০২৩, ধারা ৩৬৪/৩০২/১০৯ পেনাল কোডে রুজু হয়। পরবর্তীতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও পুনরায় সি আর মামলা নং-১৯৯/২০২৪ (ভোলা) হিসেবে বিষয়টি তদন্তাধীন রাখা হয়। দীর্ঘ তদন্ত শেষে গত (৩ মে) তারিখে ভোলাহাট ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে আয়েশা খাতুনকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ভোলাহাট থানা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ভিকটিমকে উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সাত বছর পর নিখোঁজ ভিকটিমকে জীবিত ফিরে পাওয়ায় পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।