মোঃ সোবেল মিয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোটরসাইকেলযোগে নাসিরনগরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।