এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রোগীদের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা প্রদান করেছে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’। রবিবার (৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য একটি আইপিএস, ১০টি চার্জার লাইট এবং চলাচলে অক্ষম রোগীদের জন্য ৪টি হুইল চেয়ার প্রদান করা হয়। স্বেচ্ছাসেবীরা জানান, তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে হাসপাতালে ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রাতে আলোর অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া হুইল চেয়ারের সংকটে বয়স্ক, প্রসূতি ও দুর্ঘটনায় আহত রোগীদের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হয়। এসব সমস্যা বিবেচনায় নিয়েই রোগীদের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মহাম্মদ মশিউর রহমান, আরএমও ডাঃ আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুর রহমান তামিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।