শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে পৌর শহরের তেরীবাজার এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ(২০)সহ তিনজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তেরীবাজার এলাকায় সামান্য একটি বিষয় নিয়ে ওয়াহিদুল ইসলাম কেলিসের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ উত্তেজিত হয়ে কেলিসকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় কেলিসকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাতে ময়মনসিংহ মেডিকেলে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই অভিযানে নামে দুর্গাপুর থানা পুলিশ।শনিবার রাতেই পুলিশ ঘাতক নূর মোহাম্মদের মা নূরনাহার ও তার বোন জামাই মাজেদুলকে তাঁদের নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার মালনী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর ঘাতকের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওয়াহিদুল ইসলাম কেলিস তেরীবাজার এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্গাপুর থানার পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।