অনলাইন ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইজিসিবি পাওয়ার প্ল্যান্টের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুন লাগে।
সাবস্টেশনটিতে প্রায় এক লাখ লিটার তেল মজুত থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর ট্রান্সফরমার থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরন মিয়া জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।