অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কর্মপরিবেশ ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
তিনি বলেন, সাধারণ মানুষের কাছে পুলিশকে আরও দায়িত্বশীল, সেবামুখী ও স্বচ্ছ হতে হবে। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।