হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল এলাকায় অবস্থিত ‘তাদরীসুল কুরআন মাদরাসা’ আধুনিক ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। নৈতিকতা, ধর্মীয় জ্ঞান ও আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা সদরের পশ্চিম সাচাইল গ্রামের বালিগাতী বাজার সংলগ্ন নবনির্মিত জলতরঙ্গ ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন ভবনে পাঠদান শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মাদরাসাটিতে রয়েছে হিফজুল কুরআন, নাজেরা এবং নূরানী (আদব) বিভাগ। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ জামাত চালু রয়েছে, যেখানে প্রাথমিক পর্যায়ে বাংলা, ইংরেজি ও উর্দুর পাশাপাশি ধাপে ধাপে মাদানী নেসাব অনুযায়ী পাঠদান করা হয়।
এছাড়া ছোট শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় কিডস গার্ডেন শাখা। এখানে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠ গ্রহণ করছে, ফলে শৈশব থেকেই তাদের জন্য একটি মজবুত শিক্ষাবান্ধব ভিত্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মাদ হুমায়ুন কবির ও মুহাম্মাদ শরিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা হুমায়ুন আব্দুর রহিম।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, তাদের মূল লক্ষ্য হলো এমন একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে নৈতিক ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
শুক্রবার (১ মে ২০২৬) বিকেল ৩টায় দোয়া ও আলোচনা সভার মাধ্যমে নতুন ভবনে মাদরাসার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।