বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৮ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক মামুন মোল্লা নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে ঘটনার দিন বিকেলে সাংবাদিক মামুন মোল্যা ও তার সহকর্মী চৌধুরী জুয়েল রানা জমি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী কলাবাড়ীয়া গ্রামের আমিরুল ইসলামের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে নিউজ করতে সরেজমিনে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত একই এলাকার আক্কাস মোল্যা (৬৫), মাফিজা বেগম (৫০), মো: মফিজুর মোল্যা (৩৫) ও সোহাগ মোল্যা (২১) সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেন।
জানা যায় ভুক্তভোগী আমিরুল ইসলামের বসতবাড়ির পাশে ধানী ও বাস্তবাড়ি মিলিয়ে মোট ৬৩ শতক জমি রয়েছে (যার এসএ দাগ নং৪০৯৮, ৮০৯৯ ও হাল দাগ নং ৬১১২, ৬১১১)। এর মধ্য থেকে প্রায় ২০ শতক জমি দীর্ঘ চার বছর ধরে অভিযুক্তরা জোরপূর্বক দখলে রেখেছে। এ নিয়ে একাধিকবার শালিস হলেও তারা না মেনে হুমকি দিতে থাকে।
সাংবাদিক মামুন মোল্যা অভিযোগে উল্লেখ করেছেন, তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। এ ছাড়া প্রকাশ্যে মিথ্যা অপবাদ দিয়ে তাদের হামলা করার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি এ ঘটনা দেখে ও শোনে। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল রহিম বলেন, সাংবাদিকদের হুমকি দেওয়া দুঃখজনক। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয় হবে। তিনি আরো জানান, এ ঘটনায় পূর্বে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে গ্রাম্য শালিসের মাধ্যমে আপোষ-মীমাংসায় পৌঁছায়। সেই আপোষনামার একটি কপি থানায় জমা দেওয়ার পর আদালতে প্রেরণ করা হলে জিডিটি খারিজ হয়ে যায়। তবে পুনরায় জোরপূর্বক জমি দখল করলে ভুক্তভোগী পক্ষ মামলা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।