সাকিব চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর কোতোয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৭টি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল মেরিনার্স রোড এলাকায়, এস আলম বাস ডিপোর বিপরীত পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আব্দুল আজিজ (২৬), মোঃ আরিফ হোসেন (৩০), মোঃ নয়ন মিয়া (২২), মোঃ সামির (২০), মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৫), মোঃ শাহিন (২০) এবং মোঃ ইয়াছিন হোসেন (২০)। তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় থেকে সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। বিশেষ করে নগরীর ফলমন্ডি ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতি করাই ছিল তাদের মূল টার্গেট।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-৭৫, তারিখ ৩০/০৪/২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।