মো.শাহীন আলম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় যখন চরম দুর্ভোগে পড়েছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা, তখন তাদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১০ নং শান্তিরাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাঁচগাছি শান্তিরাম মোল্লা পাড়ায় জলাবদ্ধতা নিরসনে তিনি নিজ অর্থায়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। কৃষিজমিতে জমে থাকা পানি দ্রুত অপসারণের লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও মো. দাছিজুল হক আনিছ নিজ উদ্যোগে শান্তিরাম ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কার করেছেন, যা এলাকাবাসীর যাতায়াতে উল্লেখযোগ্য সুফল বয়ে এনেছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছ বলেন,
“জনগণের ডাকে সাড়া দিয়ে আমি মোল্লা পাড়ায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছি। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও শান্তিরাম ইউনিয়নের প্রতিটি এলাকায় জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবো।”
স্থানীয় বাসিন্দা কাজিউল ইসলাম বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরে আমরা এলিকো এগ্রো ভেটের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান প্রার্থী আনিছ ভাইকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। এতে আমরা খুবই উপকৃত হয়েছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতার মতো সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে।