রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়া অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমন তার ছোট মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান এবং শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। শিশুটি সামান্য আঘাত পেলেও বর্তমানে সুস্থ আছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পুলিশ তদন্তের জন্য কাজ করছে।