ঘোড়ারঘাট দিনাজপুর প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ-বিন্যাগাড়ী আঞ্চলিক সড়কটি যেন ছোট্ট একটি নদীতে পরিণত হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার রানিগঞ্জ বাজার সংলগ্ন বিন্যাগাড়ী সড়কটি স্থানীয়দের কাছে এখন একপ্রকার ‘মরণফাঁদ’। সামান্য বৃষ্টিতেই সড়কের বিস্তীর্ণ অংশ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। সেই পানি দ্রুত নোংরা ও দুর্গন্ধযুক্ত নর্দমার পানিতে রূপ নেয়, ফলে চলাচল হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
সরেজমিনে দেখা গেছে, কর্দমাক্ত পানিতে ডুবে থাকা সড়কটি প্রায় অচল হয়ে পড়েছে। এই সড়ক দিয়েই করতোয়া নদী সংলগ্ন চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি ও কৃষিপণ্য রানিগঞ্জ বাজারে নিয়ে আসেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে পণ্যবাহী ভ্যান ও যাত্রীবাহী যানবাহন মাঝপথেই আটকে যাচ্ছে। এতে সময়মতো বাজারে পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকরা।
এদিকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দুইটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিদিন নোংরা পানির মধ্য দিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে তাদের পোশাক, জুতা এবং বই-খাতা নষ্ট হচ্ছে। পিচ্ছিল সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা বলেন,
“এই রাস্তা দিয়ে চলাচল করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই ভ্যান চলে না, ফসল নিয়ে বাজারে যেতে পারি না। আমরা চরম কষ্টের মধ্যে আছি।”
এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধতায় ডুবে যায়।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি উঁচু করে সংস্কার এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা হোক। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।