এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ‘১৬৬৯৯’ কল সেন্টারের সেবা প্রচারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত ভবন-১ এর সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হায়দার আলী খোন্দকার। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি লিগ্যাল এইড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা গানের আয়োজন করা হয়, যা উপস্থিত জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ বিচার বিভাগের বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, লিগ্যাল এইড অফিসে আবেদন করতে কোনো প্রকার ফি লাগে না। সরকারি খরচে আইনি সহায়তার বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পোস্টার, ব্যানার এবং জেলা তথ্য অফিসের মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সারাদেশে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন মানুষকে আইনি সেবা প্রদান করেছে লিগ্যাল এইড অধিদপ্তর। প্রবাসী ও অভিবাসী কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘লিগ্যাল এইড সার্ভিসেস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত মামলা এবং আইনি পরামর্শের জন্য জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।